সময় এসেছে ক্ষমতাসীন দল বিএনপিকে সিদ্ধান্ত নেয়ার। সময় হয়েছে ২৪কে মূল্যায়ন করার। জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর আসলেই কি কোন মূল্য আছে ১৭/১৮ বছর জেল-হাজত বন-জঙ্গল ধান ক্ষেত পাট ক্ষেতে লুকিয়ে থাকা দলীয় নেতা-কর্মীদের? এ প্রশ্নের জবাব দেয়ার সময় এসেছে। আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলায় দল হিসাবে বিএনপি যতই সফলতার আজব ও বানোয়াট গান শোনাক না কেন, দেশের মানুষ ভুলে যায়নি গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর রোজা, রোজার পর ঈদ, তারপর এসএসসি, এইচএসসি, মা দুর্গা, সরস্বতী, কালি, আরও হাজারটা অজুহাত।
আমি, তুমি আর ডামি ভোটের যে নির্বাচন দেশের মানুষ যাকে বিগত যৌবনা পতিতার মত রিজেক্ট করেছিল সে নির্বাচনেও অংশগ্রহণ করেছিল বিএনপি। হারুন আর রুমিন ফারহানাদের সংসদে পাঠিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল আওয়ামী অপরাধে। সেদিনের সে সব অবস্থা ও বাস্তবতাকে বিশ্লেষণ করলে উপসংহারে আসতে পণ্ডিত হওয়া লাগেনা যে আগামী ১০০ বছরেও দল হিসাবে বিএনপির ক্ষমতায় যাওয়া সম্ভব ছিলনা।
দলটার হাই-কমান্ডও হয়ত মেনে নিয়েছিলে এ বাস্তবতা। ঢাকা কেন্দ্রিক কেন্দ্রীয় নেতাদের সবাই আওয়ামী ফ্যাসিবাদের সাথে আপোষ, সমঝোতা ও দফারফা করে জেলের বাইরে থাকার নিশ্চয়তা নিয়েছিল। খালেদা জিয়ার উপর জুলুম নির্যাতনের অধ্যায় মাইনাস করলে দল হিসাবে বিএনপির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছিল। অবাক হইনা যখন শুনি দলের লন্ডন প্রবাসী নেতা ও দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তখন সংসারের খরচ যোগাতে চাঁদাবাজিতে ব্যস্ত থাকতেন।
তারপর এলো ২৪। সাথে এলো বাঁধভাঙ্গা জোয়ারের মত তেড়ে এলো ক্ষমতার মধুমাস। এ যেন দেড় মিটার উচ্চতার জাপানের ফুকুশিমা সুনামি। পাটক্ষেতের দুর্গম অরণ্য হতে বেরিয়ে এলো আলাল আর দুলালের দল, শিলং থেকে উড়ে এলেন সংবিধান সম্রাট, লন্ডন হতে কার্ডের ঝোলা নিয়ে এলেন বনবাসী রাজকুমার। হাতী নাচল ঘোড়া নাচল, গান গাইল ছাগল ভেড়ার দল।
অনেক বছর আগে সাক্ষী হয়েছিলেম কুয়াশাচ্ছন্ন শীতের এক সকালে সাভারের বলিয়ারপুরে ঘটে যাওয়া এক বাস দুর্ঘটনার। রক্তের সাগরে ভাসছে আহত যাত্রীরা। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে পোয়াতি বধূ। পানিপথের সম্মুখ যুদ্ধের মত চার পাশের গ্রামবাসীরা ছুটে এলো। ঝাঁপিয়ে পরল আহত যাত্রীদের উপর। পকেট হতে কেড়ে নিল নগদ অর্থ, হাত হতে ঘড়ি, আংটি, এমনকি পরনের চাদরটাও বাদ গেলনা।
২৪ ছিল বিএনপির জন্যে তেমনি এক দুর্ঘটনা। লুটপাটের মাহেন্দ্রক্ষণ। বলিয়াপুরের গ্রামবাসীদের মতই তারা ঝাঁপিয়ে পরে চেটেপুটে খাওয়ার চেষ্টা করছে ২৪'এর ফসল।
২৪ কোন দলের ফসল ছিলনা। দল হিসাবে বিএনপির এ পরিবর্তনে কন্ট্রিবিউশন ছিল শূন্য। ২৪'এর চাদরে জামাতিরা নিজেদের ৭১'এর অপরাধ ঢাকার চেষ্টা করলেও এ নিয়ে তাদের বেশিদূর যাওয়ার সম্ভাবনা কম। কারণ দেশে ধর্ম ব্যবসার বাজার সীমাবদ্ধ।
২৪'এর সফলতার অগ্রভাগে নাহিদ সারজিস আর হাসনাতরা থাকলেও তাদের কারণে আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নেয়নি। তাদের আন্দোলন ছিল কোটা আন্দোলন। অর্থাৎ সরকারী চাকরিতে লুটপাটের ভাগ কেবল আওয়ামী জারজরাই ভোগ করবে তা তারা মেনে নিতে পারেনি। শেখ হাসিনার অবৈধ সরকার সময়মত কোটার বৈষম্যের সমাধান দিলে আন্দোলন হয়ত বেশিদূর গড়াতো না।
আন্দোলন সফল হয়েছে জনগণের সম্পৃক্ততার কারণে। কোটা বৈষম্য নিয়ে দেশের সাধারণ মানুষের মাথাব্যথা হওয়ার কোন কারণ ছিলনা। এ বৈষম্য কি তার উপর অধিকাংশ মানুষের কোন ধারণা ছিলনা। সাধারণ মানুষের সমস্যা ছিল লাগামহীন বাজার, ছিনতাই করা নির্বাচন, গুম, খুন, অবিচার, অনাচার সহ পাহাড় সমান লুটপাটে। হাসনাত সারজিসরা ছিল এ আন্দোলনে দেশলাইয়ের কাঠির ভূমিকায়। মূল কাজ হয়েছে সাধারণ মানুষের হাত ধরে।
২৪ একটা সুযোগ এনে দিয়েছিল পরিবর্তনের। এ পরিবর্তন আওয়ামী ফ্যাসিবাদকে সরিয়ে বুভুক্ষু বিএনপির উদর পূর্তির জন্যে ছিলনা। দেশে চলমান অপরাজনীতির মেরামত, আইন ও বিচার সহ শাসন ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের সুযোগ তৈরি করেছিল ২৪। এবং ইন্টেরিম সরকার সে পরিবর্তনের শিরদাঁড়া তৈরির চেষ্টা করেছিল। কিন্তু বিএনপির ততদিনে ক্ষমতার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। লুটপাটের দরিয়ায় সাতার কেটে রাতারাতি ভাগ্য পরিবর্তনের জন্যে মরিয়া হয়ে উঠেছিল। সে পথ মসৃণ করার চক্রান্ত হিসাবে তারা বেছে নিয়েছিল অপরাজনীতির নতুন পথ, মিথ্যা ও প্রতারণা। পরিবর্তনের নামে গণভোটের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করল। কলঙ্কিত করল দেশের রাজনীতির ইতিহাস। এ ইতিহাস আওয়ামী রাতের ভোট দিনে ও আমি তুমি ডামির ভোটের চাইতেও নিকৃষ্ট ছিল।
আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। এ একটা কাল্ট। সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র। জোনসটাউনের জিমি জোন্সের মত শেখ হাসিনা ডাক দিলে এ দলের হাজার হাজার সন্ত্রাসী আত্মহত্যা করতে দ্বিধা করবেনা। দল হিসাবে বিএনপির সে শক্তি নেই তা আমরা আঠার বছরে প্রমাণ পেয়ে গেছি। তাই এ যাত্রায় ক্ষমতা গেলে বিএনপির ক্ষমতা ফিরে পেতে কয়েক যুগ পার হয়ে যাবে। প্রয়োজন হবে নতুন এক ২৪'এর। ততদিনে এ দলের অস্তিত্ব টিকবে কিনা এ নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।
জাতি হিসাবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে পরিবর্তন প্রয়োজন। নতুন একজন হাসিনার উত্থান ঠেকানোর জন্যে প্রয়োজন এ পরিবর্তন। একবিংশ শতাব্দীর ঊষালগ্নে এসে খাল কাটার রাজনীতি প্রমোট করার অর্থ আমরা আবারও ফিরে যাচ্ছি পুরানো দিনে। গোপালগঞ্জে যা ঘটছে তা মনে করিয়ে দিচ্ছে পুরানো দিনের চিত্র। বিএনপি পড়তে পারছেনা গোপালগঞ্জের ভাষা। সমস্যা হচ্ছে এ না বুঝার মূল্য বিএনপি একা গুনবেনা, গুনবে গোটা জাতি।