বিএনপি ক্ষমতায় যায় দ্রুত বিদায় নেয়ার জন্যে...

Submitted by WatchDog on Saturday, November 14, 2026

আওয়ামী লীগকে স্পেইস দিয়ে তারেক জিয়ার সরকার দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি উস্কে দিচ্ছে। সুযোগ পেয়ে পালিয়ে থাকা আওয়ামী নেতা-কর্মীরা রাস্তায় নামার সাহস দেখাচ্ছে। সহিংসতা ছড়াচ্ছে সরকারী কোন বাধা ছাড়াই। ব্যতিক্রম শুধু বিএনপির মাঠ পর্যায়ের ছাত্রদল ও যুবদলের কর্মীরা। সীমিত ক্ষমতার মধ্যে তারা প্রতিরোধ প্রতিশোধে নামছে। বানানা রিপাব্লিক স্টাইলে রাস্তা-ঘাটে আওয়ামী লীগারদের পেটাচ্ছে। এটাই কি তাহলে দেশের অপরাধ ও শাস্তি পর্বের ষ্ট্যন্ডার্ড হতে চলছে? ব্যাপারটা ভাবিয়ে তুলছে না কাউকে? একটা ব্যর্থ রাষ্ট্রের এটাই কি আলামত না?

অবাক করার মত ঘটনা হচ্ছে এসব সহিংসতা বিএনপির হাইকমান্ড তুচ্ছ তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিচ্ছে। দেশের তিন পররাষ্ট্র মন্ত্রীর একজনকে দেখলাম ক্যামেরার সামনে হাসতে। শুদ্ধ বাংলায় একটা বাক্য উচ্চারণে অক্ষম তেনাকে দায়িত্ব দেয়া হয়েছে শেখ হাসিনা নিয়ে কথা বলার। তিনি কি বললেন তা বুঝার মত বাংলা কোন অভিধানে খুঁজে পেলাম না।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তিনি অন্য কোন গ্রহে বাস করছেন। প্রধানমন্ত্রী এখন রীতিমত হাজি মোহম্মদ মহসিন। যেন দয়ার সাগর। ষ্ট্যান্ডবাজি করতে রাস্তায় হাঁটতে শুরু করেছেন। ১০০ টাকায় দুপুরের খাবারের তথ্য দিয়ে চমক লাগানোর চেষ্টা করেন। বাবার মত দিন দিন বিদেশ সফরের তালিকাটাও লম্বা করছেন। নুরু রশিদদের মত কিছু সস্তা তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদদের সরকারী সুবিধা দিয়ে লেলিয়ে দিয়েছেন বিরোধী দল মোকাবেলায়।

বাস্তবতা হচ্ছে, কোন কিছুই কাজে দিচ্ছেনা সরকারের জন্যে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আওয়ামী আঁতাতের অভিযোগ আগেও ছিল। আওয়ামী গোলামী হতে দেশ যেদিন মুক্ত হয় সেদিন সালাউদ্দিন আহমেদ মেগা ব্যাংক লুটেরা এস আলমের গ্যারেজ হতে একাধিক গাড়ি নিয়ে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন। সেদিন অনেকেই মন্তব্য করেছিল এস আলমের সম্পদ রক্ষার চুক্তিভিত্তিক দায়িত্ব নিয়ে মন্ত্রীসভায় যোগ দিচ্ছেন তিনি। এবং কর্মক্ষেত্রে তা প্রমাণ করে চলছেন। আওয়ামী সন্ত্রাসকে তিনি সন্ত্রাস হিসাবে স্বীকৃতি দিতে নারাজ। দু'একটা গাড়ি পোড়ালে তা নাকি সন্ত্রাসের সংজ্ঞায় পরেনা। হাজার খুনের অপরাধী জিয়াউল আহসানকে জেল হতে শাহরুখ খানের চেহারায় বের করে এনে রাস্তায় দম্ভ প্রকাশ করার জায়গা করে দিচ্ছেন।

তারেক জিয়া লন্ডন হতে দেশে ফেরার আগে কিছু কথা বলেছিলেন যা আমাদের ভুলে যাওয়া উচিৎ হবেনা। তিনি বলেছিলেন, দেশে ফেরা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করেনা।
তাহলে কার সিদ্ধান্তের উপর ভর করে তিনি দেশে ফিরেছিলেন সেটা কি জানার অধিকার নেই জনগণের? তিনি কি সালাউদ্দিন আহমেদের মাধ্যমে ভারত ও সেনাবাহিনীর সাথে দফারফা করে ফিরেছিলেন? কথা দিয়েছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের?

আওয়ামী লীগের আর যাই না থাকুক, আছে একদল ডেডিকেটেড সন্ত্রাসী। তারা কতটা ভয়াবহ ও নির্মম হতে পারে তার ভুরি ভুরি প্রমাণ ক্ষমতার মধুমাসেই রেখে গেছে। এই যে অলি গলিতে চোরাগোপ্তা হামলা, এদিক সেদিক ককটেল মারা, বাসে আগুন ধরানো এসব তাদের গা গরম করার উপাদান মাত্র। গা একবার গরম হয়ে গেলে তার কি করতে পারে তা লগি-বৈঠার তাণ্ডবে প্রকাশ পেয়েছিল। বিএনপির হাইকমান্ড বোধহয় ভুলে গেছে অতীত স্মৃতি।

হাইকমান্ড ভুলে গেলেও ভুলবে না তাদের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। কারণ আওয়ামী বর্বরতার তারা ছিল সম্মুখ সারির ভিক্টিম। আর আজকে যারা ক্ষমতার শিখরে বসে হাজি মোহম্মদ মহসিন সাজছেন তাদের অনেকেই আওয়ামী ব্লেসিং নিয়ে কোটিপতি হয়েছিলেন। এক মির্জা আব্বাসের লুঙ্গি ধরে টানলে যে কাহিনী বের হবে তা কেবল খোদ আওয়ামী কাহিনীরই ভায়ারা ভাই বলে মনে হবে।

আওয়ামী লীগকে রুখতে হবে। এবং তা যে কোন মূল্যে। দলটার সমসাময়িক কর্মকাণ্ড ও তার বিপরীতে সরকারের ভূমিকা বিশ্লেষণ করলে এ নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশের জেলা উপজেলা হতে যে সব তথ্য আসছে তা আরও ভয়ংকর। সরকারী দল বিএনপির নেতারা আওয়ামী পে-রোলে নাম লেখাচ্ছেন। নিয়মিত চাঁদা পাচ্ছেন। বিনিময়ে দেখে রাখছেন লুটেরা দলের ফেলে যাওয়া সম্পদ। মাঠ পর্যায়ের আওয়ামী কোন সন্ত্রাসী গ্রেফতার হলে তাকে ছুটিয়ে আনার জন্যে একাধিক বিএনপি নেতা তৎপর হচ্ছেন। সবটাই হচ্ছে অর্থের বিনিময়ে।

বিএনপি এখন বাস করছে আয়-রোজগারের সুনামিতে। কিন্তু এ সুনামি যেদিন তাদের নিজেদের ঘরে আঘাত হানবে সেদিন দেরি হয়ে যাবে।
এর জের টেনে হয়ত পিতার মত তারেক জিয়াও কোন এক রেস্ট হাউজে নিজের ইতি টানবেন!
এবং আমরা ম্যাঙ্গোরা আবারও বিশ্বাস করবো...বিএনপি ক্ষমতায় যায় ওখান হতে দ্রুত বিদায় নেয়ার জন্যে...

ভালো লাগলে শেয়ার করুন