এক্কাবর আলীকে গ্রামের মানুষ আদর করে টিউবওয়েল ইঞ্জিনিয়ার বলে ডাকতো। ডাকার কারণও ছিল। আশপাশের পাঁচ ইউনিয়ন জুড়ে সেই ছিল একমাত্র কারিগর যার হতে ধরে গ্রামে নতুন টিউবওয়েল বসতো। একবেলা খাবার আর সামান্য কিছু নগদ দিলে একাব্বার ও তার দল খুশি থাকতো। কর্ম দিবস শেষে ঘরে ফেরার আগে সে উপস্থিত সবাইকে নিয়ে মোনাজাত করত। অনেক বাড়িতে মোনাজাতের শেষে বাতাসা বিতরণের রেওয়াজ চালু ছিল।
এক্কাবর আলীর টিউবওয়েল বসানোর মিশনে আমার নিজের আগ্রহটা ছিল অন্য কারণে। ওদের ছিল তিন জনের একটা দল। লম্বা কয়েকটা রংচটা পাইপ সাথে একটা সোনালী রঙের ফিল্টার নিয়ে শুরু হতো অপারেশন। যন্ত্রপাতি ফিট হয়ে যাওয়ার পর বাঁশের মাচা বেধে ওখান হতেই শুরু হতো পা-চালিত ড্রিল।
ড্রিলের তালে তালে তাদের গাওয়া গানই ছিলা আমার মূল আকর্ষণ।
ওরা হরেক রকম গান গাইতো। সর্প দংশনে বেহুলার স্বামীর করুণ মৃত্যু, রূপবানের বনবাস জীবন, সাত ভাইয়ের এক বোন চম্পাকে নিয়ে গান থাকতো তালিকায়।
ওরা গাইতো আর আমি মুগ্ধ হয়ে শুনতাম আর মনে মনে দোয়া করতাম তাদের টিউবওয়েলের গভীরতা যেন দীর্ঘ হতে দীর্ঘতর হয়।
একাব্বারের ভাগ্য ফিরে যায় দুই ছেলে ও মেয়ে জামাইকে সৌদি আরব পাঠানোর মাধ্যমে।
ওদের আয়ে দিন ভালই কাটছিল একাব্বার আলির।
সমস্যা শুরু হয় বড় ছেলে এলকাছ আলী যেদিন দেশে ফিরে আসে।
তার নাম আসলে এখলাস। গ্রামের মানুষের কাছে সে এলকাছ নামেই পরিচিত ছিল। এলকাছের লেখাপড়ার দৌড় বেশিদূর এগোয়নি।
কৈশোরে পা রাখার পাশাপাশি জড়িয়ে পরে হরেক রকম অপকর্মে।
মদ-গাজার নেশা, গ্রামের নির্জন রাস্তায় ছিনতাই সহ ধর্ষণের অভিযোগও ছিল তার নামে। বাবা একাব্বর নিজের শেষ সম্বল বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠাতে বাধ্য হয়েছিলেন।
ছেলে আশাহত করেনি বাবাকে। বছর না ঘুরতে ছোট ভাই ও একমাত্র বোনের স্বামীকেও নিয়ে যায় নিজের কাছে।
আরও অনেক বছর ঘুরে যায়। কালের চক্রে অবস্থার পরিবর্তন আসে একাব্বর পরিবারে।
মৃত্যুর আগে আর্থিক সচ্ছলতার মুখ দেখে যায় গ্রামের টিউবওয়েল ইঞ্জিনিয়ার একাব্বর আলী।
এক সময় দেশে ফিরে আসে এলকাছ আলী।
বেশিদিন অপেক্ষা করতে হয়নি নিজের পুরানো জীবন ফিরে পেতে। যোগ দেয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলহাস ভূঁইয়ার দলে। জুলহাস ভূঁইয়া আবার আওয়ামী লীগের মানুষ। এই লীগ তখন ক্ষমতায়।
সূর্যের আলো যতক্ষণ দৃশ্যমান থাকে জুলহাস ভূঁইয়া ততক্ষণ ব্যস্ত থাকেন জনসেবায়। সমস্যা হয়ে অন্ধকার নামার সাথে।
একসময় জুলহাস চেয়ারম্যানের ডান হয়ে উঠে আলকাছ। ভয়ংকরতম পরিবর্তন নেমে আসে তার কর্মে। হেন কোন অপকর্ম নেই যা তাকে দিয়ে জুলহাস চেয়ারম্যান করায় না। ঠিকাদারি, গুদারা ঘাটের ইজারা, গরু হাটের ইজারা, নদীর রুট দিয়ে চলমান চোরাচালানি হতে বখরা... অসম্ভব বলে কোন কিছুই ছিলনা এলকাছের তালিকায়।
দ্বিতীয় বার সৌদি না গিয়ে নামের আগে হাজি লাগানোর মোজেজা গ্রামের মানুষের জন্যে ছিল বিরাট এক রহস্য।
এলকাছ আলী একসময় ভয়াবহ চরিত্রের এক আওয়ামী রাজনীতিবিদ হিসাবে এলাকায় পরিচিতি পাওয়া শুরু করেন। স্থানীয় সীমানা পেরিয়ে কর্ম পরিধি বাড়ানোর জন্যে তার ডাক আসে ঢাকা হতে।
এবং ওখানেই জন্ম নেয় নতুন এক এলকাছ...হাজি এখলাস আলী। আওয়ামী লীগের ভয়াবহ এক ক্যাডার।
এক কালের এলকাছ ও আওয়ামী লীগের হাজী এখলাস আলী এখন কোলকাতায়। চেষ্টা করেও সৌদি আরব পাড়ি জমাতে পারেনি।
গঞ্জের বাজারে বানানো তার আলিশান বাড়ির সবাটাতেই এখন ভুতের আছর। ২৪'এর পরিবর্তনের সাথে তার বাড়িতেও পরিবর্তন আসে। আগুনে পুড়ে কয়লা হয়ে দাঁড়িয়ে আছে পরিবর্তনের সাক্ষী হয়ে।
আজকাল কোলকাতার অলিগলিতে পাগলে মত ঘুরে বেড়ায় আলকাছ। হাতে জমানো যা ছিল তার সবটাই খরচ করে ফেলেছে। দেশে ফেলে আসা দুই বৌয়ের একজন তালাক চাইছে।
আলকাছ আলিকে নিয়ে লেখালেখির তাগাদাটা অনুভব করতাম না যদি না সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা না করত।
হ্যাঁ, আমার ছোট ভাইয়ের কাছ হতে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিল। হরেক রকম সাহায্যের আবদার।
না, তার জন্যে আমার কিছুই করার ছিলনা।
হাজি এখলাস আলীর অত্যাচার হতে আমাদের পরিবারও রেহাই পায়নি। দাদা-বাড়ির গ্রামে কেউ না থাকার কারণে ওখানকার বেশকিছু জমি সে দখল করেছিল। স্থানীয় রেজিস্ট্রি অফিসের যোগসাজশে দলিলও বের করার চেষ্টা হয়েছিল। চাঁদার জন্যে আমাদের কেয়ারটেকারকে গায়ে হাত দিয়েছিল। এবং সব অপকর্ম ঢাকার জন্যে ব্যবহার করতো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জননেত্রী, পাকি-বীজ, রাজাকার...।
ছবিঃ সংগৃহিত।
ফুটনোটঃ একাব্বর ও এলকাছ আলীর কাহিনী ও বাস্তবতা বিশ্বাস করাটা জরুরি না। হতে পারে সবই আমার মনগড়া। তবে বাস্তবতা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এসব আলীদের বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম-গঞ্জে জন্ম দিয়েছে। মুখে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার বুলি কপচিয়ে একটা জাতিকে অন্ধকার গলিতে ঠেলে শত বছর পিছিয়ে দিয়েছে।