ভূমধ্যসাগরের কোন এক নির্জন দ্বীপে একদল জলদস্যু তাদের জাহাজ ভিড়িয়ে স্থলভূমিতে নিজেদের দস্যিপনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলো। এবং লুটেপুটে নিলো অনেক কিছু। তালিকায় ছিল বড় বড় ব্যাংক, জৌলুষে ভরপুর ক্যাসিনো সহ অনেক কিছু। তাণ্ডবের শেষে ওরা দেখল দ্বীপে আইনের শাসন নেই। থানা পুলিশ বলতে তেমন কিছু নেই। এখানকার মানুষগুলো খুব ভীতু। সাগরে তুফান উঠলে নারকেল গাছে চড়ে বসে অনেকে।
দস্যুদলের সর্দার দলের বাকি সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিলো এ দ্বীপই হবে তাদের স্থায়ী ঠিকানা।
যেমন কথা তেমন কাজ।
ওরা স্থায়ী হয়ে গেল দ্বীপে। জগদ্দল পাথরের মত চেপে বসল স্থানীয় জনগণের ঘাড়ে। ধীরে ধীরে গ্রাস করে নিলো দ্বীপ দেশের অর্থনীতি। দখলে আনল রাজনীতি। এক সময় দলের সর্দারকে বসিয়ে দিল ক্ষমতার মসনদে।
এভাবে কেটে গেল অনেকগুলো বছর।
দস্যুদলের বংশবিস্তার হলো। সন্তানাদি লালন পালনের অংশ হিসাবে স্কুল কলেজ চালু করল। আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীপ-জুড়ে একাধিক মগজ ধোলাইয়ের কারখানা বসিয়ে দিল ভবিষ্যতের কথা চিন্তা করে।
সময় গড়ানোর সাথে দস্যুদলের সর্দার একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। মঞ্চে আবির্ভূত হলেন তার সন্তান।
ক্ষমতায় বসে নতুন সর্দার ঘোষণা দিলেন এখন হতে স্কুল কলেজে কেবল তার মৃত পিতার জীবন কাহিনী শেখানো হবে। আর কোন কিছু শেখার প্রয়োজন নেই দ্বীপবাসীর।
যেমন কথা তেমন কাজ।
শুরু হল আসল কাজ, মগজ ধোলাই।
স্কুল কলেজে ঘটা করে শেখানো শুরু হল দস্যু দলের মৃত সর্দারের দস্যিপনার অলৌকিক কাহিনী। দ্বীপবাসী এসব কাহিনী না গিললে জোর করে গেলানো শুরু করল।
সাগরে ভয়াবহ এক ঘূর্ণিঝড় বাসা বাধছিল দ্বীপবাসী তা টের পায়নি। দানবীয় শক্তিতে আঘাত হানল সে ঝড়। দুমরে মুচরে সবকিছু লণ্ডভণ্ড করে দিল। দ্বীপের আদি বাসিন্দারা সবাই নারকেল গাছে চড়ে বসল।
দস্যু দলের সর্দার ঝড়ের সংকেত আগেই পেয়েছিল। সুযোগ বুঝে নিজ পরিবারের সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিলো। এবং এক সময় নিজেও কেটে পরল।
ঝড়ের গতি স্তিমিত হয়ে আসার পর দ্বীপবাসীরা নারকেল গাছ হতে নেমে এলো। অবাক হয়ে দেখল দ্বীপের রাজা ও দস্যু দলের সর্দার সপরিবারে পালিয়ে গেছে।
এবার দ্বীপের বাসিন্দারা এত বছরের জমানো ক্রোধ বাইরে নিয়ে এলো। সর্দারের চেলা-চামুণ্ডাদের গণধোলাই দিয়ে নারকেল গাছে চূড়ায় ঝুলানো শুরু করল।
দস্যু দলের জনৈক দস্যুকে ধরতে গেলে সে ভাব নিলো। বলল, আমি তো সাগরে নেমে বণিকদের জাহাজ লুট করিনি। আমার কাজ ছিল কেবল লুটের মাল পাহারা দেয়া। আমার দোষটা কোথায়?
ভূমধ্যসাগরে ঘটে যাওয়া ঘটনার শত বছর পর বাংলাদেশের নড়াইলে তেমনি এক মনোরঞ্জক ও পাহারাদারের জন্ম হয়েছিল। নাম ছিল তার মাশরাফি বিন মুর্তজা!