মধ্যরাতে পুলিশি অভিযান...

Submitted by WatchDog on Tuesday, October 13, 2026

গুলশানের এক বার হতে কতিপয় মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এখানে দুটো প্রশ্ন; যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা এবং কি তাদের অপরাধ?
গ্রেফতার হওয়া মহিলারা কি পতিতা? খদ্দের ধরার জায়গা হিসাবে বেছে নিয়েছিল ঐ বারকে? না-কি মদ্যপান ছিল মূল উদ্দেশ্য?

বারের কোথাও যদি মালিক পক্ষ গোপন কুঠুরি বানিয়ে দেহব্যবসা চালিয়ে থাকেন তা অবশ্যই অপরাধ কারণ ঐ ব্যবসার জন্যে তাদের লাইসেন্স দেয়া হয়নি। পৃথিবীর সব দেশে সবকালে মদ বিক্রির বার নারী পুরুষের অঘোষিত মিলন মেলা হিসাবে বিবেচিত হয়ে থাকে। ওখানে দু'পক্ষই যায় কিছু উদ্দেশ্য নিয়ে, এই যেমন কর্মদিবসের শেষে শরীরের ক্লান্তি দূর করার জন্যে মদ্যপান অথবা মন ও শরীরের চাহিদা মেটাতে মদ্যপানের পাশাপাশি কাউকে খুঁজে নেয়া। এখানে গ্রেফতার করার মত অপরাধটা কোথায়?

দেশে মদ খাওয়া কি শাস্তিযোগ্য অপরাধ? যদি তাই হয় তা হলে আর মদ বিক্রির লাইসেন্স দেয়া কেন? আপনি লাইসেন্স দিয়ে খদ্দের ডেকে আনার সাইনবোর্ড ঝুলাবেন, আবার ঐ খদ্দেরদের মদ খাওয়ার 'অপরাধে' গ্রেফতার করবেন, হিপোক্রেসি হয়ে গেলনা?
শুনেছি দেশের বার গুলোতে মদ খেতে গেলে নাকি প্রি-এপ্রুভড লাইসেন্স লাগে। ভাল কথা! তবে যাদের গ্রেফতার করা হলো এবং ভিডিও প্রচারনার মাধ্যমে সামাজিকভাবে হেনস্তা করা হলো তাদের লাইসেন্স ছিল কিনা তা কি পরখ করা হয়েছিল?

অবশ্য যে দেশে ধর্ষিতার চাইতে ধর্ষকের সিম্পেথাইজার বেশি সে দেশে অনেক কিছুই সম্ভব। এই যেমন মধ্যরাতে বারে পুলিশি অভিযান। যেন দেশে আর কোন সমস্যা নেই।
আপনি লিখে রাখতে পারেন ঐ বারের মালিক পক্ষের সাথে পুলিশ কর্তৃপক্ষ অথবা স্থানীয় মন্ত্রী এম্পিদের বখরা নিয়ে গড়মিলের কারণেই চালানো হয়েছিল এ অভিযান। বাংলাদেশকে চিনে থাকলে এসব চিনতে আপনার অসুবিধা হওয়ার কথা না!

ভালো লাগলে শেয়ার করুন