...হায় হাসিনা, হায় মুজিব!!!

Submitted by WatchDog on Tuesday, July 14, 2026

জি এম কাদেরপাশের ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি। পছন্দটা এ কারণে নয় যে ছবির মুখগুলো আমার প্রিয় তালিকার কেউ। আসলে ওদের দেখলে মায়া লাগে। বুকের খুব ভেতর হতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। চোখের পানির চেম্বারে কিছু পানি অবিশিষ্ট থাকলে হয়ত দু'ফোটা পানিও সেখান হতে বেরিয়ে আসতো।
 

কি ছিলনা ছবির বুভুক্ষু চেহারার মানুষ গুলোর! ক্ষমতার ভরা যৌবনে ওদের হাতে সম্পদ ছিল, গোলা ভরা ধান ছিল, ছিল গোয়াল ভরা তেলতেলে গরুর কাফেলা। ওরা হাসলে পৃথিবী হাসত। কাঁদলে বর্ষার ভারি বর্ষণের মত তামাম দুনিয়া কাঁদত। আমার লম্বা প্রবাস জীবনের ফাঁকে ক'টা বছর দেশে কাটানোর সুযোগ হয়েছিল। খুব কাছ হতে দেখার সৌভাগ্য হয়েছিল তাদের অনেককে। হাত নয়, ওরা লাথি মেরে আমার অফিসের দরজা খুলত। চাঁদার তালিকা হাতে ধরিয়ে সময় বেধে দিত। বলত, ডু অর ডাই!

আমি চাঁদাও দেই নাই, আবার শকুনের দোয়ায় গরু না মরার মত মরিও নাই। কিন্তু ওরা মরে গেছে। জিন্দালাশ হয়ে হরর মুভির চরিত্রের মত হেঁটে বেড়াচ্ছে। দাঁত কেলিয়ে আগের কায়দায় হুমকি দেয়ার চেষ্টা করছে। কিন্তু সে হুমকিতে এখন কেউ ভয় পায়না। হুমকি দেয়ার জন্যে গলায় যে তেজ থাকার কথা সেটা এখন আর নেই। থানা পুলিশ তাদের হয়ে আমার মত কাউকে ধরতে আসা এখন হাজার রজনীর আরব্য উপন্যাসে গল্প। সে গল্পের কোন নায়ক নেই, নেই ভিলেন সহ পার্শ্ব চরিত্র। সময়ের স্রোতে ময়লার মত ভেসে গেছে তাদের তখত তাউস!

জাতীয় পার্টি! অনেকে ঠাট্টাচ্ছলে বলে থাকে যাত্রা পার্টি। আমার তাতে কিছু আসে যায়না। কারণ আমি যাত্রায় আসক্ত নই। যাত্রার ভিলেন চোখ রাঙ্গালেও আমি জানি যে চোখে আলো নেই...স্বপ্ন নেই...আছে কেবল সোনালী অতীতের কিছু বর্ণিল স্মৃতি। এবং পরিবর্তনের প্রেক্ষাপটে টিকে থাকার বুকফাটা হাহাকার।

এই যাত্রা পার্টির চেহারার দিকে তাকালে কেন জানি ছবির ক্যানভাসে ভেসে উঠে একই পথের পথিক আওয়ামী লীগের চেহারা! দিনটা কি খুব বেশিদূরে যেদিন তাদের সর্বাঙ্গে ফুটে উঠবে সব হারানো নির্মম বাস্তবতা? হয়ত সামনের কোনদিন যাত্রা পার্টির জি এম কাদেরের মতই কাউকে দেখবো শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি হাতে বুক থাপরাচ্ছে আর আশুরার মাতমের মত মাতম করছে...হায় হাসিনা, হায় মুজিব!!!

ভালো লাগলে শেয়ার করুন