ক্ষমতার মসনদে তখন গর্বাচেভ। সমাজতান্ত্রিক বাতাসে তখন গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকার তেজস্ক্রিয়তা। জলে স্থলে অন্তরীক্ষে একই রব...গর্বাচেভ, গ্লাসনস্ত, পেরেস্ত্রইকা। সোভিয়েত প্রচার যন্ত্র চোখ, কান, নাক, মুখ, সোগা সহ শরীরের সবকটা ছিদ্র দিয়ে মগজ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে গর্বাচেভের নয়া তন্ত্র মন্ত্র।
মসনদে আরোহণের পর মস্কো হতে প্রথম বের হয়ে আমাদের ইউনিভার্সিটিতে এসেছিলেন রোবট টেকনোলজির একটা ফ্যাকাল্টি উদ্বোধন করতে। এত বড় একজন নেতাকে কাছ হতে দেখবো উত্তেজনায় ঘুম হারাম হয়ে গিয়েছিল। ইউনির কম্যুনিস্ট পার্টির মুখপাত্র একধাপ এগিয়ে এমনও নিশ্চয়তা দিয়েছিলেন চাইলে মিখাইল সের্গেইভিচের শরীরও স্পর্শ করা যাবে।