Posted Sun, 06/08/2008 - 04:15 by WatchDog
কাদের সিদ্দিকীর সংলাপে আ. লীগ-বিএনপি দাওয়াত পাবে না
ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান 'সঙ্কট উত্তরণের লক্ষ্যে' আগামী ১০ জুন জাতীয় প্রেসক্লাবে ডাকা সংলাপে আওয়ামী লীগ ও বিএনপিকে আমন্ত্রণ জানাননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, দেশের মানুষ মনে করে আজকের পরিস্থিতির জন্য ওই দুটো দলই দায়ী। এ কারণেই তাদের আমন্ত্রণ জানানো হয়নি। শনিবার বিকালে রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, "দেশের বর্তমান সঙ্কট উত্তরণের লক্ষ্যে আগামী ১০ জুন জাতীয় প্রেস ক্লাবে এই সংলাপের আয়োজন করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এ সংলাপের ডাক দিয়েছি। সমমনা প্রায় চল্লিশটি দলকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে।"তিনি বলেন, "দেশের অসংখ্য মানুষ মনে করে, বর্তমান সঙ্কটের জন্য আওয়ামী লীগ ও বিএনপিই দায়ী। এ কারণে সংলাপে তাদের দাওয়াত দেওয়া হয়নি।" এ ছাড়া 'যুদ্ধাপরাধীদের দল' বলে জামায়াতকেও সংলাপে ডাকেননি কাদের সিদ্দিকী। এরশাদের জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও ব্যক্তি হুসেইন মুহম্মদ এরশাদকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। কাদের সিদ্দিকীর ভাষায়, যারা মোটামুটি কখনোই ক্ষমতায় ছিল না, তবে আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এমন দলগুলোকেই সংলাপে ডাকা হয়েছে। রাজনৈতিক দল ছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতকে আমন্ত্রণ না জানালেও মুসলিম লীগকে কেন আমন্ত্রণ জানানো হলো এ প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, "পাকিস্তানের মুসলিম লীগ মরে গেছে। এটা বাংলাদেশের মুসলিম লীগ। এরপরও ভুল হলে সংশোধন করে নেব।"সংলাপের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমরা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। অনির্বাচিত ব্যক্তিরা আর এক মুহুর্ত দেশ চালাক- তা আমরা চাই না। দেশ চালাবে নির্বাচিত ব্যক্তিরা।"সমমনা কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে মোর্চা গঠনের কাজ চলছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা সুষ্ঠু হবে কি না জানতে চাইলে কাদের সিদ্দিকী পাল্টা প্রশ্ন করেন, "পাকিস্তান আমলে মুসলীম লীগ মনে করত তারাই ৯০ শতাংশ মুসলমানের প্রতিনিধিত্ব করে। কিন্তু নির্বাচনে কি দেখা গেল?"এর ব্যাখ্যায় কাদের সিদ্দিকী আরো বলেন, "বড় বড় দলের অনুপস্থিতিতে মানুষ যদি ভোট না দেয় তখন বোঝা যাবে তারাই জনগণের প্রতিনিধিত্ব করে। আর যদি দেখা যায় মানুষ লাইন ধরে ভোটারাধিকার প্রয়োগ করছে তখন নিশ্চয়ই প্রমাণ হবে যে বড় দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে না।"চলতি সপ্তাহের মধ্যে দেশে অনেক পরিবর্তন দেখা যাবে বলে মন্তব্য করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২১০৯
- 1106 reads
-
Beta faka fielde goal dite
Beta faka fielde goal dite chai.
Post new comment