Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

And time is nearing for her...

গ্রেপ্তারের পর সোমবার প্রথম কাঠগড়ায় দাঁড়াচ্ছেন খালেদা

Sun, May 25th, 2008 7:43 pm BdST
ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের ৮ মাস পর সোমবার আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সকালে তাকে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এ হাজির করার কথা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।"

উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়াকে সোমবার সকালে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালতে হাজির হওয়ার মতো তিনি সুস্থ আছেন।"

গত ২০ মে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।

এদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেয়ার জন্য একটি আইনজীবী প্যানেল করা হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিনিয়র আইনজীবীদের নেতৃত্বে একটি প্যানেল শুনানিতে অংশ নেবে।"

প্যানেলের আইনজীবীরা হলেন- বিচারপতি টি এইচ খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাহউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার নওশাদ জমির, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, খুরশীদ আলম, ব্যারিস্টার ফাতেমা আনোয়ার প্রমুখ।

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

এতে অভিযোগ করা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১১ আসামি ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দেয়। এতে সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মামলার এজাহারে খালেদা জিয়াসহ ৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও ৬ জনসহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগ পত্রভুক্ত অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সি এম ইউসুফ হোসাইন ও কাশেম শরীফ পলাতক রয়েছেন। বাকি ৮ জন কারাগারে রয়েছেন।

গতবছর ৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করার হয়েছিল। এরপর খালেদাকে আর কখনো আদালতে আনা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জেকে/এমএইচবি/১৯৩১ ঘ.

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla